জাতীয় সংসদে উত্থাপিত ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান রোববার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই আইনের প্রয়োগ ও শরিয়াহর সামঞ্জস্য নিশ্চিতের দাবি জানিয়েছেন।
হেফাজত নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, বৃদ্ধ বয়সে পিতা-মাতার নিরাপত্তা, সুচিকিৎসা ও সম্মানজনক জীবিকা নিশ্চিত করা প্রতিটি সন্তানের ঈমানী ও নৈতিক দায়িত্ব। ইসলামের দৃষ্টিতে পিতা-মাতার হক আদায়ের গুরুত্ব অপরিসীম, তাই জ্যেষ্ঠ নাগরিকদের সুরক্ষায় যেকোনো ইতিবাচক পদক্ষেপ প্রশংসনীয়। তবে তারা সতর্ক করে বলেন, মুসলমানদের সম্পত্তি বণ্টন, হেবা এবং মালিকানা হস্তান্তরের বিষয়টি সম্পূর্ণ শরিয়াহভিত্তিক ফারায়েজ আইনের অধীন।
নেতৃদ্বয় আরও বলেন, সরকারের পক্ষ থেকে একে সাধারণ হস্তান্তর পদ্ধতি বলা হলেও, এর প্রয়োগ যেন কুরআন ও সুন্নাহ নির্ধারিত উত্তরাধিকার নীতিকে ক্ষতিগ্রস্ত না করে। প্রস্তাবিত আইনের কোনো ধারা যেন মূল ইসলামী মিরাস ও হেবার বিধানের সাথে সাংঘর্ষিক না হয়, তা নিশ্চিত করা জরুরি।
আইনি জটিলতা এড়াতে হেফাজত নেতৃদ্বয় বিলটি চূড়ান্ত করার আগে দেশের বরেণ্য মুফতি, ফকিহ ও ইসলামী আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা শরীয়াহ বোর্ডের পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধন আনার প্রস্তাব করেন, যাতে পিতা-মাতার অধিকার রক্ষার পাশাপাশি সুন্নাহসম্মত হেবা ও মিরাসের বিধান সম্পূর্ণ নিরাপদ থাকে।





