বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দেশের চিকিৎসা খাতে চরম অবহেলা ও লুটপাট করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার সকালে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া অবহেলিত স্বাস্থ্যখাতের শৃঙ্খলা ফেরাতে বর্তমান সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৯ তলা বিশিষ্ট আধুনিক কমপ্লেক্সে রূপান্তর করা হবে। এছাড়া তিন ধাপে দেশের সব ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
হাসপাতালগুলোতে ওষুধ ক্রয়ে দুর্নীতির কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারিভাবে বরাদ্দকৃত ওষুধ, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, অ্যান্টিভেনম এবং জরুরি ইনজেকশন হাসপাতালের বাইরে বিক্রি করা হতো। রোগীদের ওষুধ না দেয়ার পাশাপাশি চিকিৎসকদের অসৌজন্যমূলক আচরণের অভিযোগও নিয়মিত পাওয়া গেছে। দায়িত্ব গ্রহণের পর থেকে হাসপাতালগুলোতে অব্যবস্থাপনার বিষয়ে অসংখ্য অভিযোগের নোট পেয়েছেন বলে তিনি জানান।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সরকার কেবল স্বাস্থ্যখাত নয়, বরং পুরো পদ্ধতিই পরিবর্তন করে দিচ্ছে। চিকিৎসা ব্যবস্থাকে একটি নতুন শৃঙ্খলার মধ্যে আনতে চিকিৎসক সংকট, ওষুধ সংকট এবং রোগীদের সেবা সহজীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। সরকারি স্বাস্থ্যসেবার ওপর সাধারণ মানুষের আস্থা ফেরাতে এই পরিকল্পনা বাস্তবায়নে কোনো ছাড় দেয়া হবে না।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেবা নিতে আসা রোগীদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি স্বাস্থ্যসেবা ও খাবারের মান নিয়ে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলেন।





