স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন

প্রকাশ:

দেশের প্রান্তিক পর্যায়ের রোগীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং রোগ নির্ণয়ের সক্ষমতা বাড়াতে বর্তমান সরকার স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ দ্বিগুণ করেছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে স্বাস্থ্যসেবার জন্য উপযুক্ত প্রযুক্তি’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, দেশে আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবার প্রসার অপরিহার্য এবং সরকারের লক্ষ্য অর্জনেই বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে। বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাখাওয়াত হোসেন জানান, রোগীর অতিরিক্ত চাপে কিছু হাসপাতালে একটি কক্ষে ৩০ থেকে ৪০ জন রোগীকে গাদাগাদি করে সেবা দেওয়া হচ্ছে। তিনি ডেঙ্গু রোগীদের সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন।

দেশীয় চিকিৎসা প্রযুক্তি উদ্ভাবনের প্রশংসা করে মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিমেডিসিন কর্মসূচির কথা উল্লেখ করেন। তিনি জানান, এই প্ল্যাটফর্মে অনলাইন ১২-লিড ইসিজি ও ইলেকট্রনিক স্টেথোস্কোপের মতো আধুনিক প্রযুক্তি রয়েছে, যা সরকারের গ্রামীণ স্বাস্থ্যসেবা কর্মসূচির সঙ্গে সমন্বয় করলে বড় পরিবর্তন আনা সম্ভব। একইসঙ্গে তিনি ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাব মোকাবিলায় চিকিৎসক ও নার্সদের আরও ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

উদ্বোধনী অধিবেশনে সম্মেলনের সভাপতি অধ্যাপক খোন্দকার সিদ্দিক-ই রব্বানী ১৯৭৮ সাল থেকে স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবনের অগ্রগতি তুলে ধরেন। এছাড়া সহ-সভাপতি অধ্যাপক তৌফিক হাসান বুয়েটে উদ্ভাবিত বায়োমেডিকেল প্রযুক্তি ও উদ্যোক্তা উদ্যোগ নিয়ে বক্তব্য দেন। সম্মেলনে প্রসবোত্তর রক্তক্ষরণ প্রতিরোধ, ওরাল রিহাইড্রেশন, এআই, ইলেকট্রিক্যাল বায়ো-ইম্পিডেন্সসহ বিভিন্ন স্বল্পমূল্যের প্রযুক্তি নিয়ে আলোচনা হয়। সম্মেলনের দ্বিতীয় দিনে ক্যানসার চিকিৎসা, প্যালিয়েটিভ কেয়ার এবং স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন