হজ ফ্লাইটের বিমান ভাড়ার সিন্ডিকেট ভেঙেছে সরকার: বিমান প্রতিমন্ত্রী

প্রকাশ:

রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বেসরকারি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেষ হয়েছে। শনিবার (১ আগস্ট) রাতে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আফরোজা খানম।

অনুষ্ঠানে তিনি বলেন, বিগত সময়ে হজের বিমান ভাড়া নিয়ে সিন্ডিকেট তৈরি হয়েছিল, যা প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবার ভেঙে দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, এবার বিমান ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছে। গত পাঁচ মাসে সরকার দুই দফায় মোট ৩৬ হাজার ৮৩০ টাকা ভাড়া কমিয়েছে। সৌদি সরকারের সাথে আলোচনা চলছে এবং ভবিষ্যতে বিমান ভাড়া আরও কমার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আফরোজা খানম আরও বলেন, হজ কেবল একটি সফর নয়, এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের যাত্রা। ওমরাহর তুলনায় মূল হজের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এবার হজযাত্রীর সংখ্যা ১ লাখে উন্নীত করতে হবে। এছাড়া হজ ফ্লাইটে এজেন্সি মালিকদের জন্য আসন বরাদ্দের বিষয়টি ধর্মমন্ত্রীর সাথে আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে। তিনি আরও জানান, এবার পুরো হজ মৌসুমে সৌদি কোম্পানি খাবার সরবরাহ করবে, তবে হজযাত্রীরা সেই খাবার খেতে পারবে কি না তা নিয়ে সংশয় থাকায় বিষয়টি নিয়ে সৌদি কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে।

হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ-২ আসনের এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ, ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মঞ্জুরুল হক, বিমানের ব্যবস্থাপনা পরিচালক কায়জার সোহেল আহমেদ এবং হাব ও টোয়াবের নেতৃবৃন্দ।

ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ জানান, নিরাপদ ও সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা মন্ত্রণালয়ের লক্ষ্য। তিনি বলেন, সৌদি সরকার বাণিজ্যিক দৃষ্টিতে দেখে, এজন্য যতই ভালো করি আমাদের সংখ্যা কম হওয়ার কারণে পুরস্কার পাওয়া যায় না। তিনি আরও বলেন, ওমরায় যাচ্ছে ৫ লাখ লোক, অথচ ইবরাহিম বাহারের তথ্যমতে গত বছর ৫ লাখ ওমরাহযাত্রী গেলেও সরকারের রেকর্ডে আছে মাত্র ২ লাখ। তারমানে বাকি ৩ লাখ লোক ওমরাহ এজেন্সির বাইরে গেছে, যা মানবপাচারের ঝুঁকি তৈরি করছে। তিনি জানান, এবার খাবারের জন্য ৩৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং বাড়িভাড়া বাবদ খরচ ২৭ শতাংশে উন্নীত হয়েছে। তিনি হজযাত্রীদের লাইসেন্সধারী এজেন্সির বাইরে নিবন্ধন না করার পরামর্শ দেন এবং লিড এজেন্সি সিন্ডিকেট রোধে প্রতিবছর তা পরিবর্তনের ঘোষণা দেন।

হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, মেলায় ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং অনেক হজযাত্রী বুকিং দিয়েছেন। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে বিমান ভাড়া প্রায় ২ লাখ টাকা নির্ধারণ করে লুটপাট করা হয়েছিল, যা এবার ১ লাখ ৩১ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে এবং হজ ব্যবস্থাপনায় ৩টি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুন