হবিগঞ্জ পৌর এলাকায় বড় ধরনের সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার একই সময়ে এবং একই স্থানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। পাশাপাশি হবিগঞ্জ পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি এবং জেলা ছাত্রদল প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিল। এই পালটাপালটি কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিল।
জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মাইকিং ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাগমের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে প্রশাসনের আদেশে উল্লেখ করা হয়েছে।





