নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কর্মসূচি দিচ্ছে সরকার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশ:

নারীর অর্থনৈতিক নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করতেই সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, একজন নারী স্বাবলম্বী হলে কেবল তিনি নিজে নন, বরং পুরো পরিবারই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এবং তার সরকারের বিভিন্ন উদ্যোগ দেশের উন্নয়নে যে ভূমিকা রেখেছিল, তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর মর্যাদা ও ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীদের সম্মানিত করার পাশাপাশি অর্থনৈতিকভাবে শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে।

ফ্যামিলি কার্ডের আওতা পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে এবং এ বিষয়ে মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে সবাই আসবেন এবং কেউ বাদ পড়বেন না।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নারীরা সাধারণত দায়িত্বশীল ও সঞ্চয়ী হয়ে থাকেন। তারা পরিবারের কল্যাণ, সন্তানদের শিক্ষা ও ভবিষ্যতের জন্য অর্থ যথাযথভাবে ব্যয় করেন। তাই নারীদের হাতে অর্থনৈতিক সক্ষমতা তুলে দেয়ার উদ্যোগ পরিবার ও সমাজ উভয়ের জন্য দীর্ঘমেয়াদে ইতিবাচক ফল বয়ে আনবে।

বর্তমান সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে, তবে একটি মহল অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। এছাড়া দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে অর্জিত গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, যারা দুর্দিনে জনগণের পাশে ছিলেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।

টাঙ্গাইল জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন খানের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু।

শেয়ার করুন