খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদানের কার্যক্রম উদ্বোধন করেছেন, যা ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা করেছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে আয়োজিত ‘বেস্ট অব বেস্ট জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশনের আয়োজনে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং আত্মবিশ্বাস বৃদ্ধির ক্ষেত্রে খেলাধুলাকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করে মন্ত্রী জানান, তৃণমূল পর্যায় থেকে ক্রীড়াচর্চাকে আরও উৎসাহিত করার লক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে কিকবক্সিং খেলাকে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হলে মন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় সকল প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন। জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি ইশতিয়াক আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত ক্রীড়াবিদ, প্রশিক্ষক, রেফারি, মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।





