দেশের গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে উন্মুক্ত দরপত্র ছাড়াই ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনায় সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এই এলএনজি সংগ্রহ করা হবে।
বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবটি নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে উপস্থাপন করা এই পরিকল্পনায় প্রতিটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুটি করে মোট ১৪ কার্গো এলএনজি নেওয়ার কথা বলা হয়েছে। দেশের গ্যাসের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং জরুরি চাহিদা পূরণই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।
সরকারি ক্রয় আইন ও বিধিমালা মেনেই এই এলএনজি কেনার প্রক্রিয়া সম্পন্ন হবে। এক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৭, ৯৮ ও ১০৭ বিধি অনুসরণ করা হবে বলে জানানো হয়েছে।
বর্তমানে দেশের গ্যাসের চাহিদা ও সরবরাহের ঘাটতি পূরণে এলএনজি আমদানির ওপরই বেশি নির্ভর করছে সরকার। সাম্প্রতিক সময়ে গ্যাসের সরবরাহ ও মজুত কমে আসায় জরুরি ভিত্তিতে নতুন কার্গো আমদানির এই উদ্যোগ নেওয়া হয়েছে।





