প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম। নবম জাতীয় পে-স্কেলের আওতায় অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের আর্থিক স্বস্তি দেওয়ার লক্ষ্যে সরকার নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে সবার পেনশন সমান হারে বাড়ছে না; পেনশনের পরিমাণের ওপর নির্ভর করে এই বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রিসভায় অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, একজন অবসরপ্রাপ্ত কর্মচারী বর্তমানে যে নিট পেনশন পাচ্ছেন, তার ওপর ভিত্তি করে পাঁচটি স্তরে এই বৃদ্ধি কার্যকর হবে। ৯ হাজার টাকা বা তার চেয়ে কম পেনশনভোগীদের জন্য বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে ১০০ শতাংশ। এক্ষেত্রে ৯ হাজার টাকার পেনশন বেড়ে ১৮ হাজার টাকায় দাঁড়াবে। ৯,০০১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের ক্ষেত্রে বৃদ্ধির হার ৭৫ শতাংশ, যার ফলে ২০ হাজার টাকা পেনশন বেড়ে ৩৫ হাজার টাকা হবে।
এছাড়া ২০,০০১ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনধারীদের ক্ষেত্রে বৃদ্ধির হার ৬৫ শতাংশ, যা বর্তমানে ৩০ হাজার টাকা পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে ৪৯ হাজার ৫০০ টাকায় উন্নীত হবে। ৩০,০০১ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনধারীদের জন্য বৃদ্ধির হার ৬০ শতাংশ, ফলে ৪০ হাজার টাকা পেনশন বেড়ে ৬৪ হাজার টাকা হবে। আর ৪০,০০১ টাকা বা তার বেশি নিট পেনশনধারীদের ক্ষেত্রে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে ৫৫ শতাংশ। তবে প্রকৃত পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে অর্থ বিভাগের প্রজ্ঞাপনে নির্ধারিত নিয়ম, সংশ্লিষ্ট সীমা ও অবসর-পরবর্তী সুবিধাগুলো বিবেচনায় নেওয়া হবে।
অন্যদিকে, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতিতে থাকা ‘এক পদ এক পেনশন’ বা ‘এক গ্রেড এক পেনশন’ (ওআরওপি) এখনই পুরোপুরি চালু হচ্ছে না। মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানিয়েছেন, বিপুল আর্থিক সংশ্লেষ এবং ২০১৯ সালের আগে অবসর নেওয়া বেসামরিক কর্মচারীদের প্রয়োজনীয় তথ্যের ঘাটতির কারণে এটি একবারে চালু করা সম্ভব নয়। তাই সামরিক ও বেসামরিক কর্মচারীদের ক্ষেত্রে এটি ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। ওআরওপি চালু হলে একই পদ বা গ্রেড থেকে ভিন্ন সময়ে অবসর নেওয়া ব্যক্তিদের পেনশনের বৈষম্য অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে।





