উপ-সচিব থেকে শুরু করে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের জন্য নির্ধারিত মাসিক গাড়ি রক্ষণাবেক্ষণ খরচ অপরিবর্তিত রাখা হয়েছে। মাসিক ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা আর কার্যকর হচ্ছে না। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এই গাড়ি রক্ষণাবেক্ষণ সুবিধা শুধু বেসামরিক সরকারি কর্মকর্তারাই পান না, বরং বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারাও একই হারে এই সুবিধা পেয়ে আসছেন। সিদ্ধান্তটি বহাল থাকায় সংশ্লিষ্ট সব স্তরের কর্মকর্তারাই আগের মতো ৫০ হাজার টাকা করে ভাতা পাবেন।
জানা গেছে, গাড়ি রক্ষণাবেক্ষণ খরচ কমানোর এই উদ্যোগটি নিয়ে গত এক সপ্তাহ ধরে অর্থ বিভাগের অর্থ শাখা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে দফায় দফায় চিঠি চালাচালি হয়েছে। বিষয়টি নিয়ে সরকারি কর্মকর্তাদের মধ্যে বেশ অসন্তোষও তৈরি হয়েছিল।
পরবর্তীতে, গত ৯ জুলাই অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে খরচ কমানোর যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা আর গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে অর্থ বিভাগ বৃহস্পতিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে। এর মাধ্যমেই বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হলো এবং মাসিক ৫০ হাজার টাকার রক্ষণাবেক্ষণ ভাতা বহাল থাকল।




