নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে রোববার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালামও উপস্থিত ছিলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সাংবাদিকদের জানান, কাঁচামরিচের উচ্চমূল্য নিয়ন্ত্রণে সরকার জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি জানান, কাঁচামরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে এবং আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। আগামীকাল থেকেই এই আমদানি কার্যক্রম শুরু হবে। কৃষিমন্ত্রী আশা প্রকাশ করেন যে, এর ফলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচামরিচের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে বা সহনীয় পর্যায়ে নেমে আসবে।
বর্তমানে রাজধানীর বাজারে প্রতি কেজি কাঁচামরিচ কিনতে ভোক্তাদের ৩২০ থেকে ৩৮০ টাকা খরচ করতে হচ্ছে, যা দুই-তিন দিন আগেও ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল। মরিচের এই উচ্চ মূল্যের কারণে সাধারণ ভোক্তাদের মধ্যে চরম ভোগান্তি তৈরি হয়েছে।
শান্তিনগর কাঁচাবাজারে ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ভোক্তাদের স্বার্থে বাজার স্থিতিশীল রাখতে সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, আপনারা সরেজমিনে যা দেখবেন, তা বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরবেন। এতে মানুষ সচেতন হবে এবং বিভ্রান্তি কমবে। কেউ যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য কারসাজি করতে না পারে, সে বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষি পণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বাণিজ্য ও কৃষিমন্ত্রী এবং খাদ্য প্রতিমন্ত্রী অংশ নেন। সেখান থেকেই তারা সরাসরি শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে যান।





