আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য সরকারের

প্রকাশ:

সারা দেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করছে সরকার। এই কর্মসূচিকে কেবল শিক্ষাপ্রতিষ্ঠানে সীমাবদ্ধ না রেখে প্রতিটি পরিবারের সদস্যদের অন্তত একটি করে গাছ লাগানোর কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সোমবার সকালে মিরপুরের এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও সুলতান মোল্লা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, ঢাকা-১৬ আসনের পল্লবী ও রূপনগরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিমধ্যেই বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে আমিনুল হক বলেন, তারা যেন বাড়ি ফিরে নিজ নিজ আঙিনায়, বাড়ির সামনে বা বসবাসের আশপাশের সুযোগমতো অন্তত একটি করে গাছ লাগায় এবং অভিভাবকদেরও এ বিষয়ে উৎসাহিত করে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের জন্য গাছের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয় এবং একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রতিমন্ত্রী আরও বলেন, যদি প্রতিটি নাগরিক একটি করে গাছ লাগানোর উদ্যোগে অংশ নেন, তবে ২৫ কোটি গাছ লাগানোর এই কর্মসূচি সফল হবে। আমাদের সম্মিলিত উদ্যোগই একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় বাসিন্দা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন