দেশের বাজারে স্বর্ণের গহনার দামে বড় ধরনের উল্লম্ফন হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার কারণে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার সকালে স্বর্ণের নতুন এই দাম নির্ধারণ করেছে। সংস্থাটির ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৩১ জুলাই ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল। ফলে মাত্র দুই দফায় ভালো মানের স্বর্ণের গহনার দাম বাড়ল মোট ১২ হাজার ৭২ টাকা।
বাজুসের নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৯ হাজার ৪৪৮ টাকা বাড়িয়ে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮ হাজার ১০৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৩১ জুলাই সকাল ১০টা থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি রুপার গহনার দামও বাড়ানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২৯২ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেটের দাম ২৯২ টাকা বাড়িয়ে ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।





