বেরোবি শিক্ষার্থীর অ্যাপে সহজ হবে মেস ও বাসা খোঁজা

প্রকাশ:

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থী কিংবা আবাসন পরিবর্তনের প্রয়োজন অনুভব করা শিক্ষার্থীদের জন্য বাসা বা মেস খুঁজে পাওয়া একটি বড় চ্যালেঞ্জ। এই ভোগান্তি কমাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিসংখ্যান বিভাগের ১৪তম আবর্তনের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী আবু পলাশ তৈরি করেছেন ‘ঘর বাড়ি’ নামের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। গুগল প্লে স্টোরে ‘GhorBari’ লিখে সার্চ করলেই এই অ্যাপটি পাওয়া যাচ্ছে।

অ্যাপটির মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই বিভিন্ন মেস, বাসা ও আবাসিক হোটেলের খালি সিটের তথ্য জানতে পারছেন। একই সাথে মেস মালিক বা মনিটররা সরাসরি অ্যাপে তাদের মেসের খালি সিটের তথ্য যুক্ত ও হালনাগাদ করার সুযোগ পাচ্ছেন। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া বা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বাসা খোঁজার বিড়ম্বনা অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

অ্যাপ নির্মাতা আবু পলাশ জানান, মূলত বৃষ্টির দিনে বিভিন্ন এলাকায় ঘুরে বাসা খুঁজতে গিয়ে শিক্ষার্থীদের যে দুর্ভোগ পোহাতে হয়, তা কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি তার বিভাগের সিনিয়র শিক্ষার্থী রনির ‘মেস ব্যবস্থাপনা’ অ্যাপ থেকে অনুপ্রাণিত হয়েছেন। অ্যাপটি প্লে স্টোরে প্রকাশ করতে তার ৩৫ মার্কিন ডলার খরচ হলেও শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে। ভবিষ্যতে এটিকে একটি সমন্বিত ও নির্ভরযোগ্য আবাসন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে তার।

শিক্ষার্থীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান সোহেল বলেন, সব মেসের তথ্য এক জায়গায় পাওয়ায় সময় ও ভোগান্তি দুটোই কমবে। সাদিয়া ইসলাম নামের আরেক শিক্ষার্থী জানান, ফেসবুক পোস্টের তথ্যের চেয়ে এই অ্যাপটি নিয়মিত হালনাগাদ করা হলে শিক্ষার্থীরা বেশি উপকৃত হবে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ আবাসন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও তথ্যনির্ভর করে তুলবে।

শেয়ার করুন