গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ:

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এই সহায়তার অনুরোধ জানান। মঙ্গলবার (২৮ জুলাই) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফোনালাপে দুই প্রধানমন্ত্রী বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে জ্বালানি খাত, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতার ওপর তারা গুরুত্বারোপ করেন। আনোয়ার ইব্রাহিম জানান, বাংলাদেশ বর্তমানে গ্যাস সরবরাহসংক্রান্ত যে চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে, তা আলোচনায় উঠে এসেছে। এই সংকট নিরসনে জ্বালানি সরবরাহে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের জরুরি চাহিদা পূরণের বিষয়টি নিয়ে দুই নেতা কথা বলেছেন।

এছাড়া দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্ব জোরদারের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে মালয়েশিয়া দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন