পোশাক শিল্পের উন্নয়নে সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রকাশ:

তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং এই খাতের অগ্রযাত্রায় বিদ্যমান অবকাঠামোগত প্রতিবন্ধকতা দূর করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) প্রতিনিধি দলের সাথে এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ আশ্বাস দেন।

বৈঠকে বিজিএমইএ প্রতিনিধিরা পোশাক শিল্পের বিভিন্ন চ্যালেঞ্জ ও সমস্যার কথা তুলে ধরেন এবং খাতটির স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু দাবি ও প্রস্তাবনা উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী ব্যবসায়ী নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং যেসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব, তা নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সমন্বিতভাবে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, পোশাক শিল্পের বিকাশে অবকাঠামোগত উন্নয়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই উন্নয়ন সম্পন্ন হলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে এবং বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তিনি আরও উল্লেখ করেন, সরকার ব্যবসা ও বিনিয়োগবান্ধব বাজেট প্রণয়ন করেছে, যা ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করবে।

তারেক রহমান বলেন, পোশাক শিল্পের বিকাশে যা যা করা প্রয়োজন, সরকার তা-ই করবে। এটি সরকারের দায়িত্ব এবং এই দায়িত্ব পালনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে বিজিএমইএ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান। এ সময় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহাদী আমিন এবং বিএনপি’র বিশেষ সম্পাদক বেলায়েত হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিজিএমইএ’র পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

শেয়ার করুন