মরক্কোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স

প্রকাশ:

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফ্রান্স। বাংলাদেশ সময় শুক্রবার (১০ জুলাই) ভোরে বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে গোল দুটি করেন কিলিয়ান এমবাপ্পে ও ওসমান দেম্বেলে। দিদিয়ের দেশমের দলের এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে নকআউট পর্বে মরক্কোকে হারানোর কৃতিত্ব অর্জন করল ফরাসিরা। ২০২২ সালের সেমিফাইনালের পর এবারও একই ব্যবধানে জয় পেল তারা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখে খেলে ফ্রান্স। চতুর্থ মিনিটে এমবাপ্পের শটের মাধ্যমে আক্রমণের সূচনা হয়। এরপর ফরাসিরা একের পর এক সুযোগ তৈরি করলেও মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোর দৃঢ়তায় প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। ২৫তম মিনিটে বক্সে এমবাপ্পে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ফ্রান্স, তবে দুই মিনিট পর নেওয়া স্পট কিকে গোল করতে ব্যর্থ হন এমবাপ্পে। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ফ্রান্স আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৬০তম মিনিটে বক্সের বাইরে থেকে এমবাপ্পের দারুণ বাঁকানো শটে প্রথম গোল পায় ফ্রান্স। এর রেশ কাটতে না কাটতেই ৬৬তম মিনিটে দ্রুতগতির আক্রমণে নিচু কোনাকুনি শটে গোল করেন ওসমান দেম্বেলে। গোলরক্ষক বুনো চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি। দুই গোলে পিছিয়ে পড়ার পর মরক্কো ম্যাচে ফেরার চেষ্টা করলেও ফ্রান্সের সুসংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি। পুরো ম্যাচে মরক্কো লক্ষ্যে মাত্র একটি শট নিতে সক্ষম হয়। অন্যদিকে, ফ্রান্স ২২টি শট নেয়, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে।

শেয়ার করুন