বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এবং বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য এম. এনামুল হক মৃত্যুবরণ করেছেন। রবিবার (৩০ আগস্ট) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। উল্লেখ্য, তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা ছিলেন।
এম. এনামুল হকের বর্ণাঢ্য কর্মজীবন ও শিক্ষাজীবন ছিল বৈচিত্র্যময়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
পুলিশ বাহিনীর দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিযুক্ত হন। এছাড়াও, ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।





