২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ড এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলির ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন জানানো হয়েছে। বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম।
এর আগে, সোমবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে পুলিশ প্রধান (আইজিপি) এবং বাংলাদেশ পুলিশের ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আইজি বরাবর এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। চিফ প্রসিকিউটর স্বাক্ষরিত ওই চিঠিতে ইন্টারপোলের বিধিমালা মেনে অবিলম্বে রেড নোটিশ জারির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং গৃহীত কার্যক্রমের অগ্রগতি ট্রাইব্যুনালকে অবহিত করার জন্য পুলিশ সদর দফতরকে অনুরোধ জানানো হয়েছে।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, ট্রাইব্যুনাল নিশ্চিত হয়েছে যে আসামি জেনারেল (অব.) আজিজ আহমেদ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শাপলা চত্বরের মামলায় পলাতক এই আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধেও একই ধরনের আদেশ দেওয়া হয়েছিল। পর্যায়ক্রমে মামলার অন্য পলাতক আসামিদেরও দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ২৭ জুলাই ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই আদেশে আদালত তখন পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।





