মহেশখালীতে সাগরে ফিশিং ট্রলারডুবি, নিখোঁজ ১ জেলে

প্রকাশ:

কক্সবাজারের মহেশখালীতে সাগরে মাছ ধরার সময় একটি ফিশিং ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় পাঁচজন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো একজন জেলে নিখোঁজ রয়েছেন।

ঘটনাটি ঘটেছে রবিবার (৬ সেপ্টেম্বর)। মহেশখালী কুতুবজোম খোন্দকার পাড়া এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের মালিকানাধীন ফিশিং ট্রলারটি মহেশখালী উপকূল থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল দূরে সাগরে দুর্ঘটনার কবলে পড়ে। উদ্ধার হওয়া জেলেদের ভাষ্যমতে, গভীর রাতে ট্রলারে ঘুমন্ত অবস্থায় থাকাকালীন হঠাৎ করেই নৌকাটি ডুবে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা পানিতে ভেসে যান এবং পরবর্তীতে একে অপরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে উদ্ধারকারীদের সহায়তায় প্রাণে বেঁচে ফেরেন।

জীবিত উদ্ধার হওয়া জেলেরা হলেন খোন্দকার পাড়া এলাকার বাসিন্দা কবির আহমদের পুত্র জসিম উদ্দিন (৩৫), বেলাল উদ্দিন (৩০), জাফর আলমের পুত্র শাহাজান (২৯), রহিম উল্লাহর পুত্র শাকের উল্লাহ এবং আব্দুল মান্নানের পুত্র বাবু। এই ঘটনায় নিখোঁজ জেলে হলেন মহেশখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আশরাফ আলীর পুত্র আলা উদ্দিন (৩৫)।

নিখোঁজ আলা উদ্দিনকে উদ্ধারে সাগরে তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকে নিখোঁজ জেলের পরিবারের সদস্যদের মধ্যে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোলতান বিষয়টি নিশ্চিত করে জানান, পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন