চট্টগ্রামের ফটিকছড়িতে ডেকোরেশনের মালামাল বহনকারী একটি ট্রলি উল্টে মো. মিনহাজ উদ্দিন (১৫) নামের এক কিশোর চালক নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের কাশেম চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে মো. সায়েম (১৪) নামে আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডেকোরেশনের মালামাল নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ট্রলিতে থাকা চালক ও হেলপার গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মিনহাজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফনের অনুমতি দেওয়া হয়েছে।





