গোপালগঞ্জে খেলনা পিস্তল ও হ্যান্ডকাফসহ ভুয়া পুলিশ আটক

প্রকাশ:

গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশের ইউনিফর্ম পরিহিত এক ভুয়া পুলিশকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত রাকিব শেখ (২৫) ওই ইউনিয়নের বড় ভাটড়া গ্রামের মৃত হাই শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বনগ্রাম এলাকার গগণ বালার বাড়িতে পুলিশের পোশাক পরে প্রবেশ করেন রাকিব। সেখানে তিনি বাড়ির লোকজনকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে শুরু করেন। তার আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাকে ঘিরে ফেলে আটক করেন। তল্লাশি চালানোর সময় তার কাছে একটি খেলনা পিস্তল, হ্যান্ডকাফ এবং একটি ছুরি পাওয়া যায়।

পরবর্তীতে স্থানীয়রা সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাকিব শেখকে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে উদ্ধার হওয়া খেলনা পিস্তল, হ্যান্ডকাফ, পুলিশের ইউনিফর্ম ও ছুরি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন