চলতি মাসেই চালু হচ্ছে প্রবাসীদের জন্য বিশেষ ‘প্রবাসী কার্ড’

প্রকাশ:

চলতি মাসের শেষ দিকে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

নুরুল হক নুর জানান, এটিএম কার্ডের মতোই ব্যবহারযোগ্য হবে এই ‘প্রবাসী কার্ড’। এর মাধ্যমে প্রবাসীরা ব্যাংকিং লেনদেনের সুবিধা পাবেন। পাশাপাশি, দেশে ফেরার পর সরকারি বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রেও এই কার্ডটি ব্যবহার করা যাবে। তিনি আরও জানান, দেশে অবস্থানকালে প্রবাসী কার্ডধারীরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে অগ্রাধিকার পাবেন। এছাড়া দেশে ফেরার পর প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানেও কার্ডটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উক্ত আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজু। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

শেয়ার করুন