সমন্বিত প্রচেষ্টায় চার-পাঁচ বছরে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

প্রকাশ:

সরকার ও ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে চার ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশ ও মানুষের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য। তিনি স্বীকার করেন যে কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে, তবে সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে তা কাটিয়ে ওঠা সম্ভব। অর্থনীতির বিদ্যমান চ্যালেঞ্জগুলো সরকার ও ব্যবসায়ী উভয় পক্ষই অনুধাবন করছে এবং সরকার এগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করছে। সরকার ও ব্যবসায়ীদের মধ্যে এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সরকারের বর্তমান মেয়াদের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই বেশ কয়েক দফা বৈঠক হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা যেসব সমস্যার কথা তুলে ধরেছিলেন, তার অনেকগুলোরই সমাধান হয়েছে। আজকের বৈঠকে উঠে আসা নতুন সমস্যাগুলো নিয়েও সরকার কাজ করবে। তিনি বলেন, আমরা যত বেশি আলোচনার টেবিলে বসতে পারব, তত বেশি সমস্যাগুলো জানতে ও সমাধান করতে পারব। নিয়মিত সংলাপ অব্যাহত থাকলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে ব্যবসা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন শিল্পায়নের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ, নীতিগত সহায়তা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান এবং সরকারের চলমান উদ্যোগের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। সভায় জানানো হয়, আগের বৈঠকে আলোচিত ২৮টি সমস্যার মধ্যে ২১টির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাকি সাতটি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ব্যবসায়ীরা ২০৩০ সালের মধ্যে দেশের রপ্তানি আয় ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার রূপরেখা তুলে ধরেন। সরকার এ লক্ষ্যে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবারও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে সরকার।

শেয়ার করুন