স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা পায়নি নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (০৩ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার হওয়ার সুযোগ গত ৩১ জুলাই পর্যন্ত ছিল। ইসি সচিব জানান, যেহেতু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের কাছে কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই, তাই ৩১ জুলাই পর্যন্ত নির্ধারিত ভোটার হওয়ার সময়সীমা পরিবর্তন হতে পারে অথবা নাও হতে পারে।
আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, একটি নির্বাচনের জন্য সাধারণত তিন মাসের প্রস্তুতির প্রয়োজন হয়। তফসিল ঘোষণা থেকে নির্বাচনের তারিখের মধ্যে সাধারণত ৪৫ দিনের ব্যবধান থাকে। এছাড়া ভোটার তালিকা চূড়ান্ত ও প্রিন্ট করতে আরও প্রায় দেড় মাস সময় লাগে। তবে সুস্পষ্ট কোনো তথ্য না থাকায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা তার জন্য সমীচীন হবে না বলে তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ইসি সচিব জানান, এখন পর্যন্ত সেই নির্বাচনের তফসিল নির্ধারণ করা হয়নি। সংসদ সচিবালয়ের কাছে ভোটার তালিকা পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে, তবে তা এখনো হাতে পায়নি ইসি। ভোটার তালিকা পাওয়ার পরই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে পরবর্তী আলোচনা করা হবে।





