দেশের জ্বালানি খাতের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিশোধিত তেলের আমদানি নির্ভরতা হ্রাস করার লক্ষ্যে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের প্রধান এই তেল শোধনাগারের পরিশোধন সক্ষমতা তিনগুণ বৃদ্ধি পেয়ে বছরে ৪৫ লাখ মেট্রিক টনে পৌঁছাবে।
এই প্রকল্পের জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার কোটি টাকার সমান। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এই অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয় এবং বিষয়টি শনিবার (৫ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং আইডিবির পক্ষে কান্ট্রি প্রোগ্রামসের ডিরেক্টর জেনারেল আনাসে আইসামি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের উপস্থিত ছিলেন। ইআরডি জানিয়েছে, প্রকল্পটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বাস্তবায়ন করবে। এটি বাংলাদেশে কোনো একক প্রকল্পে আইডিবির এ যাবতকালের সর্বোচ্চ বিনিয়োগ।
প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল হওয়ার পাশাপাশি ইউরো-৫ মানসম্পন্ন পরিবেশবান্ধব পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের সুযোগ তৈরি হবে। এতে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে বলে আশা করছে সরকার।
চুক্তি স্বাক্ষরের পর আইডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রী এ সময় সহজ শর্তে অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশ ও আইডিবির মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।





