আসন্ন শারদীয় দুর্গাপূজার আগেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিদেশি, দেশি মদ ও বিয়ারের দাম বাড়ছে। রাজ্য সরকারের আবগারি দপ্তর রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে, যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
যদিও মূল্যবৃদ্ধির সুনির্দিষ্ট হার এখনো জানানো হয়নি, তবে অক্টোবর মাস থেকেই তিন ধরনের মদের ক্ষেত্রেই নতুন মূল্য কাঠামো তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ অক্টোবর থেকে মদের নতুন মূল্য কার্যকর করা হবে। কোনো পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও, সেগুলোকে নতুন করে নথিভুক্ত করতে হবে।
এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, দুর্গাপূজার অষ্টমীর দিন রাজ্যের সব মদের দোকান বন্ধ থাকবে এবং বারেও মদ পাওয়া যাবে না। এই আবহের মধ্যেই রাজ্যজুড়ে মদের দামবৃদ্ধির সিদ্ধান্তটি এল। মূলত, রাজ্য সরকারের রাজস্ব বাড়ানোই এই সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য।
সংস্থাগুলোকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, আবগারি আইন মেনে পণ্যের দাম ঘোষণা করতে হবে। একই সঙ্গে, পণ্যের দাম সর্বভারতীয় সর্বনিম্ন নির্ধারিত মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এছাড়াও, পণ্য মজুদ ও পরিচালনার খরচও নির্ধারিত সীমার মধ্যে রাখতে হবে।
গত ৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেডের সদর দপ্তরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দেশি-বিদেশি মদ এবং বিয়ার সরবরাহের জন্য প্রকাশিত এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) নিয়ে বিভিন্ন সংস্থা ও প্রস্তুতকারকদের সঙ্গে আলোচনা করা হয়। প্রস্তুতকারকদের জানানো হয়েছে, উৎসবের মৌসুমে মদের সরবরাহ যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। পণ্যের নথিভুক্তি ও মূল্য কাঠামো নির্ধারণের জন্য সংস্থাগুলিকে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। দোকানে মজুত থাকা পুরনো দামের মদ আপাতত বিক্রি করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।





