পরিচ্ছন্ন নগর গড়তে ডিএসসিসির ক্লিনিং ডে কর্মসূচি পালিত

প্রকাশ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালন করা হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে গত শনিবার (৪ জুলাই) রাজধানীসহ সংশ্লিষ্ট এলাকায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। নগর পরিচ্ছন্নতা কার্যক্রমে নাগরিকদের সরাসরি সম্পৃক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

রাজধানীর শান্তিনগর এলাকায় অঞ্চল-১ ও ২ এর যৌথ আয়োজনে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। দিনব্যাপী এই আয়োজনে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়। এছাড়া টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার ক্ষেত্রে সামাজিক অংশীদারিত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

কর্মসূচির আওতায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন বাজার ও শপিং কমপ্লেক্সসহ নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য উদ্বুদ্ধ করা হয়। একই সঙ্গে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়। নাগরিক ও সিটি কর্পোরেশন যৌথভাবে কাজ করলেই সুন্দর শহর গড়া সম্ভব। তিনি আরও বলেন, প্রত্যেকে যদি নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখেন এবং এডিস মশার লার্ভা জন্মাতে পারে এমন স্থানে পানি জমতে না দেন, তবে এই মৌসুমে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সহজ হবে। এছাড়া নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেললে শহর পরিচ্ছন্ন থাকার পাশাপাশি খাল ও ড্রেন সচল থাকায় জলাবদ্ধতাও হ্রাস পাবে।

প্রশাসক আরও উল্লেখ করেন, পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন অত্যন্ত জরুরি। ডিএসসিসি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করবে, যাতে নগরবাসী পরিচ্ছন্নতা রক্ষাকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করেন।

শেয়ার করুন