জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ড. খলিল

প্রকাশ:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। প্রায় চার দশক পর কোনো বাংলাদেশি বিশ্ব সংস্থার এই শীর্ষ নেতৃত্বের আসনে বসলেন। এর আগে ১৯৮৬ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী।

শপথ অনুষ্ঠানে ড. খলিলুর রহমান বলেন, আমি দৃঢ়ভাবে ঘোষণা করছি, জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব ও কার্যাবলি আমি সম্পূর্ণ বিশ্বস্ততা, বিচক্ষণতা ও সততার সঙ্গে পালন করব। তিনি আরও জানান, জাতিসংঘের সনদ ও প্রেসিডেন্টের জন্য প্রণীত নৈতিক আচরণবিধি অনুসরণ করে তিনি কাজ করবেন এবং কোনো সরকার বা অন্য কোনো পক্ষের কাছ থেকে কোনো নির্দেশনা গ্রহণ করবেন না। সদ্য বিদায়ী প্রেসিডেন্ট আনালেনা বেয়ারবক ৮০তম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করে নতুন প্রেসিডেন্টের কাছে কর্তৃত্ব হস্তান্তর করেন।

গত ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস। সাইপ্রাস ২০১৬ সাল থেকে এই পদের জন্য প্রচারণা চালিয়ে আসলেও, বাংলাদেশ ২০২০ সালে প্রার্থিতা ঘোষণা করে এবং চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি ড. খলিলুর রহমানকে মনোনয়ন দেয়। অল্প সময়ের মধ্যে জোরালো কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ এই আন্তর্জাতিক সমর্থন আদায়ে সক্ষম হয়।

ড. খলিলুর রহমানের জন্য জাতিসংঘ নতুন কোনো ক্ষেত্র নয়। ১৯৯১ সালে জেনেভায় জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে বিশেষ উপদেষ্টা হিসেবে যোগ দেওয়ার পর থেকে দীর্ঘ ২৫ বছর তিনি নিউইয়র্ক ও জেনেভায় বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতিসংঘের বিভিন্ন প্রকাশনার প্রধান লেখক হিসেবেও কাজ করেছেন।

আগামী ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করবেন।

শেয়ার করুন