জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে সংসদ ভবনের মসজিদে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর আয়োজিত এই অনুষ্ঠানে ‘জুলাই গণঅভ্যুত্থান-২০২৪’-এর শহীদদের রূহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
অনুষ্ঠানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অংশগ্রহণ করেন। দোয়া ও মোনাজাতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধা এবং দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী ব্যক্তিবর্গের রূহের মাগফেরাত কামনা করা হয়।
একইসাথে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, চিফ হুইপ, হুইপবৃন্দ, সংসদ সদস্যবৃন্দসহ দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া জাতীয় সংসদের কার্যক্রমের সফলতা এবং মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্যের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়েছে।
সংসদ সচিবালয় মসজিদের সিনিয়র ইমাম মো: আবু রায়হান এই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।





