রাজধানী ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি সিটি করপোরেশনের ময়লা ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন কর্মসূচি, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং সামগ্রিক নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এসব কার্যক্রমে বিদ্যমান নানা ত্রুটি ও সমস্যা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত ও কার্যকর সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসককে তাঁর গুলশানের বাসভবনে ডেকে নেন। পরবর্তীতে তাঁদের সঙ্গে নিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে পরিদর্শনে বের হন।
পরিদর্শনের সময় তিনি ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা সেক্টর-৩, ৪, ৫ ও ৬, এয়ারপোর্ট রোড, কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি পুনরায় গুলশানের বাসভবনে ফিরে আসেন।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী উপস্থিত ছিলেন।





