বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। রবিবার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেলে অনুষ্ঠিত এই বৈঠক নিয়ে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
তবে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের ধারণা, এই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর আসন্ন সৌজন্য সাক্ষাৎ নিয়ে আলোচনা হতে পারে। আগামী সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের ওই সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এছাড়া আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টিও আলোচনায় উঠে আসার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত এপ্রিলে ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীকে ঢাকায় নিয়োগ দেয় ভারত সরকার। দুই দেশের সম্পর্কের ইতিহাসে তিনিই প্রথম রাজনীতিবিদ যিনি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্ব গ্রহণের জন্য গত ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন তিনি। এরপর গত ২৫ জুন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন। পরিচয়পত্র পেশের প্রায় এক মাস পর গত ২৯ জুলাই তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।





