ধনবাড়ীতে বিএনপি নেতাদের জনসভায় পকেটমারদের দৌরাত্ম্য, খোয়া গেল মোবাইল-টাকা

প্রকাশ:

টাঙ্গাইলের ধনবাড়ীতে স্থানীয় সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে চোরচক্রের কবলে পড়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা। গত শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার যদুনাথপুর ইউনিয়ন, পৌর শহরের নবাববাড়ি ঈদগাহ মাঠ, নবাব ইনস্টিটিউটের খেলার মাঠ এবং বাজার সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানসহ একাধিক উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচি পালিত হয়। এসব অনুষ্ঠানে জনসমাগমের প্রচণ্ড ভিড়ের সুযোগ নিয়ে কর্মী সেজে আসা একটি সংঘবদ্ধ চক্র কৌশলে নেতাদের মোবাইল ফোন, মানিব্যাগ, নগদ টাকা ও ব্যাংকের কার্ড চুরি করেছে। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় ভুক্তভোগীরা চুরির বিষয়টি বুঝতে পারেন।

ভুক্তভোগী নেতাদের মধ্যে অন্যতম হলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক (ভিপি)। তার মোবাইল ফোন ও মানিব্যাগ খোয়া গেছে এবং ঘটনার পর তার ব্যক্তিগত নম্বরে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। এছাড়া পকেটমারির শিকার হয়েছেন উপজেলা বিএনপির সদস্য ও ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, ধনবাড়ী উপজেলা যুবদলের সদস্যসচিব আলী আল শাফি রিমু, বিএনপি নেতা রাঙ্গা, পৌর যুবদল নেতা নাছির এবং ছাত্রদল নেতা ইসমাইলসহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী।

মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন মোবাইল ফোন ও ব্যাংক কার্ড হারানোর বিষয়টি নিশ্চিত করেছেন, তবে মানিব্যাগে থাকা টাকার পরিমাণ সম্পর্কে তিনি কিছু জানাননি। স্থানীয় রাজনৈতিক নেতাদের ধারণা, কোনো একটি সংঘবদ্ধ পকেটমার চক্র পরিকল্পিতভাবে কর্মী সেজে সমাবেশে ঢুকে এই ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক জানান, মোবাইল ফোন হারানোর ঘটনায় এখন পর্যন্ত একজন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে ওই চোরচক্রটিকে শনাক্ত এবং খোয়া যাওয়া মালামাল উদ্ধারে কাজ করছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়ন, পৌর শহরের নবাববাড়ি ঈদগাহ মাঠ, নবাব ইনস্টিটিউটের খেলার মাঠ এবং বাজার সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানসহ বেশ কয়েকটি রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন