শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৬টায় রিয়াদ থেকে আগত রিয়াদ এয়ারের প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিকে ওয়াটার স্যালুটের মাধ্যমে ঢাকায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এই নতুন রুটের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ এবং রিয়াদ এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার ভিন্সেন্ট কোস্টা বক্তব্য রাখেন। বক্তারা জানান, বিশ্বের প্রধান শহরগুলোর সঙ্গে সৌদি আরবকে যুক্ত করা এবং যাত্রীদের বিশ্বমানের ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করাই রিয়াদ এয়ারের মূল লক্ষ্য। ঢাকা ও রিয়াদের মধ্যে এই সরাসরি সংযোগ বাণিজ্যিক ও অবকাশ উভয় ক্ষেত্রেই ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ব্যবহার করে প্রতিদিন এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। সময়সূচি অনুযায়ী, রিয়াদ থেকে ফ্লাইটটি রাত ৯টা ২০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে, ঢাকা থেকে সকাল ৭টা ৪০ মিনিটে ছেড়ে ফ্লাইটটি রিয়াদের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সকাল ১০টা ৫৫ মিনিটে অবতরণ করবে।





