ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) কর্তৃক প্রকাশিত সর্বশেষ গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্সে বিশ্বের তৃতীয় কম বাসযোগ্য শহর হিসেবে ঢাকার নাম উঠে এসেছে। মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত এই বৈশ্বিক সূচকে মোট ১৭৩টি শহরের জীবনযাত্রার মান বিশ্লেষণ করা হয়েছে, যেখানে ৪১ দশমিক ৭ স্কোর নিয়ে ঢাকা ১৭১তম অবস্থানে রয়েছে। গত বছরের তুলনায় ঢাকার এই অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
তালিকায় ঢাকার ঠিক ওপরে ১৭০তম অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। এছাড়া তালিকার একেবারে শেষ প্রান্তে থাকা শহরগুলোর মধ্যে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক রয়েছে ১৭৩তম বা সর্বনিম্ন অবস্থানে, যার স্কোর ৩১ দশমিক ৬। দামেস্ক ২০১৩ সাল থেকে ধারাবাহিকভাবে এই তালিকায় সর্বনিম্ন স্থানে রয়েছে। এর ঠিক ওপরে ১৭২তম স্থানে আছে লিবিয়ার ত্রিপোলি।
অন্যদিকে, বৈশ্বিক এই সূচকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের খেতাব ধরে রেখেছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। ৯৮ স্কোর নিয়ে শীর্ষে থাকা কোপেনহেগেনের পরেই রয়েছে ভিয়েনা এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন। শীর্ষ দশের তালিকায় উত্তর আমেরিকা থেকে একমাত্র শহর হিসেবে জায়গা করে নিয়েছে কানাডার ভ্যাঙ্কুভার, যা নবম স্থানে রয়েছে। এছাড়া বড় মহানগরগুলোর মধ্যে জাপানের টোকিও দশম অবস্থানে রয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে জীবনযাত্রার মান কমেছে। এর প্রভাব পড়েছে ওমানের মাস্কাটের ওপর, যা ১৪ ধাপ পিছিয়ে ১২৩তম অবস্থানে নেমে গেছে। একই কারণে কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের শহরগুলোর অবস্থানও আগের চেয়ে নিচে নেমেছে।
অন্যদিকে, চীনের শহরগুলোর স্বাস্থ্যসেবা খাতে সরকারি বিনিয়োগের ফলে উন্নতি দেখা গেলেও কঠোর নজরদারি, পরিবেশগত চ্যালেঞ্জ এবং গণতান্ত্রিক সীমাবদ্ধতার কারণে সামগ্রিক র্যাংকিংয়ে তারা বড় কোনো অগ্রগতি করতে পারেনি বলে ইআইইউ তাদের প্রতিবেদনে জানিয়েছে।





