রাজধানীতে টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা ও যানজটের দুর্ভোগ সোমবারও কাটেনি। ১৩ জুলাই সোমবার সকালেও ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও কর্মজীবীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে ছাতা মাথায় যাত্রীদের বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গণপরিবহনের সংখ্যা তুলনামূলক কম থাকায় বাসগুলোতে ছিল উপচে পড়া ভিড়। অনেকে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারিচালিত রিকশা ও সিএনজি অটোরিকশায় গন্তব্যে রওনা হন।
গতকালের ভারী বৃষ্টিতে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, মোহাম্মদপুর, মেরুল বাড্ডা, মালিবাগ, শান্তিনগর, আগারগাঁও, ফার্মগেট, তেজগাঁও, সায়েদাবাদ, ধানমন্ডি, মিরপুর, কালশী, হাতিরঝিল, বংশাল, নাজিমউদ্দিন রোড ও রামপুরাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। সোমবারও অনেক এলাকায় পানি জমে থাকতে দেখা গেছে।
রামপুরা থেকে গুলশানে কর্মস্থলে যাওয়ার অপেক্ষায় থাকা বেসরকারি চাকরিজীবী আরেফিন জানান, গলির ভেতরে বৃষ্টির কারণে ভয়ংকর গন্ধযুক্ত পানি জমেছে। তিনি আরও বলেন, সড়কে যানবাহন কম থাকায় সিএনজি ও রিকশাচালকরা দ্বিগুণ ভাড়া দাবি করছেন। সময়মতো অফিসে পৌঁছাতে বাধ্য হয়েই বেশি ভাড়া দিতে হচ্ছে। অন্যদিকে, সিএনজি চালক মোকলেছুর দাবি করেন, বৃষ্টির মধ্যে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ এবং সড়কে পানি জমে থাকায় গাড়ির ক্ষতির আশঙ্কা থাকে, যে কারণে তারা কিছুটা বেশি ভাড়া নিচ্ছেন।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ফলে জলাবদ্ধতা ও যানজটের কারণে নগরবাসীর এই দুর্ভোগ আরও কিছু সময় অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।





