মঙ্গলবার থেকে ঢাকায় চালু হচ্ছে নারীদের বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস

প্রকাশ:

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নারীদের যাতায়াত সহজ করতে নতুন সংযোজন হিসেবে চালু হচ্ছে 'পিংক বাস' সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে নেওয়া এই বিশেষ বাস সার্ভিসে কেবল নারীরাই যাতায়াত করতে পারবেন। এই বাসের চালক থেকে শুরু করে সহকারী—সবাই হবেন নারী।

আগামী মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই বিশেষ সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে বিআরটিসির পক্ষ থেকে জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 'মহিলা বাস সার্ভিস পরিচালনা' কার্যক্রমের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।

গত রোববার সন্ধ্যায় বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিআরটিসি জানিয়েছে, এই বিশেষ বাসগুলোর রঙ হবে গোলাপি বা পিংক। এই উদ্যোগের ফলে রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য একটি নিরাপদ ও বিশেষায়িত সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি বাস পরিচালনায় নারীদের অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি হবে।

শেয়ার করুন