ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে দেওয়ার আনুষ্ঠানিক দাবি জানানো হয়েছে। এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরও দ্রুত ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা।
বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ হয়েছে এবং সেখানে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সরকার আশা করছে, এই প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হবে। শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে দেওয়ার বিষয়েও মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন।
৫ আগস্ট শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলনের প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি সেদিন বাংলাদেশের আদালত ও রাষ্ট্রের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। ভারত সরকার বিষয়টি অনুধাবন করবে বলে বাংলাদেশ আশা করে। এছাড়া প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করেন যে, প্রধানমন্ত্রীকে ভারত থেকে কোনো দাওয়াত দেওয়া হয়নি, বরং বিমসটেকের প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটি নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বলে তিনি জানান।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ৫ আগস্টের সংবাদ সম্মেলন নিয়ে আমরা ভারতের কাছে দুঃখ প্রকাশ আশা করি না, বরং ভারত বাংলাদেশের বর্তমান অবস্থানটি বুঝতে পারবে—এমনটাই প্রত্যাশা। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান এবং দীনেশ ত্রিবেদী বাংলাদেশে তার গত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। মন্ত্রী এটিকে একটি সৌজন্য সাক্ষাৎ হিসেবে অভিহিত করে বলেন, এসব বৈঠকে সব ধরনের আলোচনা বিস্তারিত হয় না, আলোচনার লেভেল বুঝে নিতে হবে।





