চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে চালু হবে নতুন ট্রেন

প্রকাশ:

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন চালু করা হবে। শনিবার দুপুরে কক্সবাজার আইকনিক রেলস্টেশন ও রামু জংশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, নতুন ট্রেন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং টিকিটের চাপ অনেকটা হ্রাস পাবে। এতে ঢাকা–কক্সবাজার রুটে ভ্রমণ আরও সহজ, আরামদায়ক ও সময়োপযোগী হবে।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, স্টেশনটির পূর্ণাঙ্গ পরিচালনা নিশ্চিত করতে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিদর্শনকালে তিনি স্টেশনের অবকাঠামো, যাত্রীসেবা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা ও চলমান কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত স্টেশনটি পূর্ণাঙ্গভাবে চালু করে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, পর্যটননগরী কক্সবাজারে যাত্রী ও পর্যটকের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার রেল যোগাযোগ সম্প্রসারণ এবং যাত্রীসেবা আরও আধুনিক করার উদ্যোগ নিয়েছে। এছাড়া সারাদেশকে রেল যোগাযোগের আওতায় আনার সরকারের পরিকল্পনার অংশ হিসেবে পঞ্চগড় থেকে কক্সবাজার এবং ঢাকা থেকে সিলেট পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।

পরিদর্শনকালে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলসহ রেল মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন