বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে।
একই সময়ের ব্যবধানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৪৫৮ জন রোগী। এর মধ্যে ঢাকা বিভাগে ১৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, বরিশাল বিভাগে ৯৯ জন, খুলনা বিভাগে ৪৮ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন এবং রংপুর বিভাগে ১০ জন রয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত মোট ১৩ হাজার ৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১১ হাজার ৯৩৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৮ জন।





