চলতি বছরের ৩ আগস্ট পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৮৪ জনে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে সোমবার (৩ আগস্ট) পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৬ সালে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৫৮০ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৬২ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, খুলনা বিভাগে ৬৭ জন, রাজশাহী বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ৩১ জন, বরিশাল বিভাগে ৮১ জন এবং সিলেট বিভাগে দু’জন রয়েছেন। এছাড়া, চলতি বছর এ পর্যন্ত মোট ১৫ হাজার ৩৪৪ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।





