ডেমরায় বোমা সদৃশ বস্তুসহ আটক দুই যুবক

প্রকাশ:

রাজধানীর ডেমরায় একটি বাড়ি থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে পশ্চিম বক্সনগর নিঝূমবাগ এলাকার গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ের ওই বাসা থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও এটিও-এর যৌথ অভিযানে এই বস্তুগুলো জব্দ করা হয়। সিটিটিসির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে যাত্রাবাড়ির জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনার তদন্তের সূত্র ধরে আসামি ধরতে এই অভিযান চালানো হয়েছে।

অভিযানকালে মো. জুয়েল ভুঞা (২৬) নামের এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। নরসিংদী জেলার শিবপুর থানার কাজীরচর গ্রামের আবুল ভুঞার ছেলে জুয়েলের হেফাজত থেকে কালো কস্টিপ দিয়ে মোড়ানো প্রায় ৬ ইঞ্চি লম্বা দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে নিঝুমবাগ এলাকার আব্দুল হাইয়ের ছেলে আরিফ চৌধুরী (২৪) নামের আরেক সন্দেহভাজন যুবককে আটক করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তার ও আটককৃতদের ডেমরা থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন