বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে স্পেনের গোলরক্ষক উনাই সিমন প্রতিপক্ষের আক্রমণভাগ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে গোল্ডেন বুটের দৌড়ে থাকা কিলিয়ান এমবাপ্পের চেয়েও উসমান দেম্বেলেকে তিনি বেশি ভয়ঙ্কর বলে মনে করছেন। ৫ ম্যাচে ৮ গোল করা ফরাসি অধিনায়ক এমবাপ্পেকে থামানো যে কোনো রক্ষণভাগের জন্যই বড় পরীক্ষা, তা স্বীকার করেছেন সিমন। তবুও তার মতে, ফ্রান্সের আক্রমণভাগে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ দেম্বেলে।
সোমবার স্প্যানিশ রেডিও কোপ-কে দেওয়া এক সাক্ষাৎকারে সিমন বলেন, দেম্বেলে অনেক বেশি অননুমেয়। এমবাপ্পের ঝুলিতে হয়তো অনেক অস্ত্র আছে, কিন্তু দেম্বেলে দুই পায়েই সমান দক্ষ। যেকোনো দিক থেকে ক্রস করার পাশাপাশি নিখুঁত ফিনিশিং করতে পারেন এই ফরাসি উইঙ্গার। কখন তিনি ড্রিবল করে শট নেবেন কিংবা সতীর্থকে সুযোগ তৈরি করে দেবেন, তা আগে থেকে আন্দাজ করা প্রায় অসম্ভব। এ কারণেই এমবাপ্পের চেয়ে তাকে সামলানো অনেক বেশি কঠিন বলে মনে করেন সিমন।
ফ্রান্সের আক্রমণভাগে এমবাপ্পে ও দেম্বেলের পাশাপাশি মাইকেল ওলিস ও দেজিরে দুয়েরার মতো খেলোয়াড়রা যে কোনো রক্ষণভাগ ভেঙে ফেলার সামর্থ্য রাখেন। তবে স্প্যানিশ গোলরক্ষক নিজেদের সামর্থ্য নিয়ে বেশ আত্মবিশ্বাসী। তিনি জানান, ফ্রান্স ফুটবলের অন্যতম পরাশক্তি হলেও নিজেদের খেলার স্টাইলের ওপর তাদের পূর্ণ আস্থা আছে। দল সেরা ছন্দে থাকলে বিশ্বের কোনো দলই তাদের হারাতে পারবে না বলে বিশ্বাস করেন সিমন।
এবারের বিশ্বকাপে স্পেনের রক্ষণভাগ ছিল বেশ দুর্ভেদ্য। কোয়ার্টার ফাইনালের আগে টানা ৬৪৮ মিনিট গোল না খেয়ে নতুন রেকর্ড গড়েছিলেন সিমন। যদিও বেলজিয়ামের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা কোয়ার্টার ফাইনালে তাদের সেই গোলশূন্য ধারার অবসান ঘটে। ২০২৬ বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে পারে বলে জানিয়েছেন সিমন। তবে বিদায়ের আগে শিরোপা জয়ের স্বপ্ন পূরণে আজ তার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন ফ্রান্সের এই শক্তিশালী আক্রমণভাগ।



