ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ‘আপত্তিকর’ পোস্টের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। বিভিন্ন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে নোটিশ পাঠিয়ে বিতর্কিত ভিডিও, পোস্ট এবং মন্তব্য দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ নিয়মিত সামাজিক মাধ্যম পর্যবেক্ষণ করছে এবং নতুন করে এমন কোনো কনটেন্ট শনাক্ত হলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে তা অপসারণের জন্য নোটিশ পাঠানো হচ্ছে।
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘ ৩৭ দিন ধরে চলা আন্দোলন শেষ হওয়ার একদিন পরই পুলিশ এ ধরনের পদক্ষেপ গ্রহণ করল। উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাসের পর শনিবার ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়।
সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার নিট পরীক্ষার্থীদের আত্মহত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে আন্দোলনকারী ও সংগঠকদের বিরুদ্ধে নতুন মামলা না করার বিষয়ে সম্মতি দিয়েছে। তবে সব ধরনের মামলা প্রত্যাহার করা হবে কিনা—এমন প্রশ্নের জবাবে সিজেপি নেতারা জানিয়েছেন, সহিংস অপরাধী ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের মধ্যে পার্থক্য করা হবে এবং সমঝোতার লিখিত কপি শিগগিরই প্রকাশ করা হবে।
এদিকে, আন্দোলন শেষ হওয়ার ঠিক পরেই প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টের বিরুদ্ধে পুলিশের এই অভিযান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে সিজেপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১০: ৪৭আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১০: ৫০





