নাটোরের বাগাতিপাড়ার ডুমরাই ঢাকাপাড়া জামে মসজিদ থেকে আব্দুল মমিন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সোনাপুর বাজারসংলগ্ন ওই মসজিদের জানালার লোহার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মৃত আব্দুল মমিন স্থানীয় ডুমরাই গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর আগে আব্দুল মমিন মোবাইল ফোনে তার স্ত্রী মঞ্জুয়ারা বেগমের সঙ্গে কথা বলছিলেন। কথোপকথনের একপর্যায়ে তিনি কালেমা পাঠ করেন। এরপর থেকে তার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাকে খুঁজতে শুরু করেন।
একপর্যায়ে মসজিদের খাদেম বেলাল হোসেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে জানালার সঙ্গে আব্দুল মমিনের লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরিবারের সদস্যদের ধারণা, মানসিক কোনো চাপের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই আব্দুর রাজ্জাক জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।





