রাজধানীর বংশাল থানার মুকিম বাজারের শিয়া গলি এলাকায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে একটি মোটরসাইকেল পার্টসের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয়। এতে ঘটনাস্থলেই দোকানের মালিক দেলোয়ার হোসেন (৩৫) ও নাজমুল (৩৩) নামে আরও এক ব্যক্তি দগ্ধ হন।
আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। দগ্ধ নাজমুলকে বর্তমানে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. হামিদুল জানান, সকালে মুকিম বাজারের শিয়া গলির ওই দোকানে হঠাৎ করেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে দোকানের ভেতরে থাকা দেলোয়ার ও নাজমুল গুরুতর দগ্ধ হন।
নিহত দেলোয়ার হোসেনের গ্রামের বাড়ি যশোর জেলার শার্শা থানায়। তিনি আব্দুল খালেকের ছেলে এবং বর্তমানে বংশালের মুকিম বাজারের শিয়া গলি এলাকাতেই বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাতে দেলোয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।





