কুবিতে রাজনীতি নিষিদ্ধ, তবুও প্রশাসনিক ভবনে ছাত্রদলের কর্মশালা

প্রকাশ:

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ২৪। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার কঠোর নির্দেশনা উপেক্ষা করে প্রশাসনিক ভবনে শাখা ছাত্রদলের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে আয়োজিত এই কর্মশালায় সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, এবং মাদক ও র‍্যাগিংবিরোধী সচেতনতা নিয়ে আলোচনা করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৭ সালে প্রথম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে ২০২৪ সালের ৮ আগস্ট অনুষ্ঠিত ১০০তম জরুরি সিন্ডিকেট সভায়ও এই নিষেধাজ্ঞা বহাল রাখা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো রাজনৈতিক দলের অঙ্গ, সহযোগী বা ভ্রাতৃপ্রতিম সংগঠন প্রকাশ্যে কিংবা গোপনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এছাড়া কুবি আইনের ৪৩(ঘ) ধারা অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক দলের সদস্য হওয়ার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।

নিষেধাজ্ঞা সত্ত্বেও আয়োজিত এই কর্মশালায় শাখা ছাত্রদলের সদস্যসচিব আবুল বাশারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শুভ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্দেশনা ও পরামর্শক দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. জুলহাস উদ্দীন। এছাড়াও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও কুবির ইউট্যাবের সাধারণ সম্পাদক মো. মাহিন উদ্দিন এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট মো. হারুনসহ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মশালায় নেতৃত্বের গুণাবলি, সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শুভ দাবি করেন, প্রশাসনের কাছ থেকে মৌখিকভাবে অনুমতি নেওয়া হয়েছিল এবং আয়োজনের বিষয়টি সবার জানা ছিল। রাজনীতি নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এবং তারা শুরু থেকেই তা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। তিনি এটিকে একটি সচেতনতামূলক উদ্যোগ হিসেবে অভিহিত করে বলেন, সবারই এ ধরনের উদ্যোগ নেওয়া উচিত।

শেয়ার করুন