আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের হারের পর আটলান্টায় সমর্থকদের সংঘর্ষ

প্রকাশ:

সেমিফাইনালে চরম উত্তেজনার রেশ মাঠের গণ্ডি পেরিয়ে ছড়ালো বাইরেও। ফাইনালের টিকিটের লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ড ২-১ গোলে হেরে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামের বাইরে দুই দেশের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকজন ইংলিশ সমর্থককে আটক করতে বাধ্য হয়।

স্টেডিয়ামের নিকটবর্তী ‘হাডসন গ্রিল’ বারের সামনে প্রথম ঝামেলার সূত্রপাত হয়। ইংলিশ সমর্থকদের আড্ডাস্থলের সামনে দিয়ে বিজয়ী আর্জেন্টাইন সমর্থকরা উল্লাস করে যাওয়ার সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই মারামারিতে রূপ নেয়। সংঘর্ষের বেশ কিছু ছবিতে ইংলিশ সমর্থকদের রক্তাক্ত অবস্থায় দেখা গেছে, আবার অনেককে হাতকড়া পরা অবস্থায়ও দেখা গেছে। তবে বৃটিশ দূতাবাস নিশ্চিত করেছে যে, আটলান্টায় আটক হওয়া সকল সমর্থককে রাতেই ছেড়ে দেয়া হয়েছে।

এই সহিংসতার রেশ শুধু আটলান্টাতেই সীমাবদ্ধ থাকেনি, এর আঁচ পৌঁছেছে লন্ডনেও। ম্যাচ শেষে লন্ডনের রিজেন্ট স্ট্রিটে এক আর্জেন্টাইন সমর্থক একদল ইংলিশ ভক্তের তোপের মুখে পড়েন। উত্তেজিত জনতার হাত থেকে তাকে বাঁচাতে বৃটিশ পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং ভ্যানে তুলে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

বিশ্লেষকদের মতে, ফিফার নিয়মানুযায়ী স্টেডিয়ামে দর্শকদের আলাদা কোনো বসার ব্যবস্থা না থাকা এবং ঐতিহাসিক ‘ফকল্যান্ডস’ রাজনৈতিক বিতর্ক এই উত্তেজনার পেছনে বড় ভূমিকা রেখেছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ফকল্যান্ডসের পতাকা নিয়ে বৃটিশ সমর্থকদের উস্কানি এবং মাঠের ভেতর আর্জেন্টিনার বিতর্কিত ব্যানার প্রদর্শন এই সংঘর্ষকে আরও উস্কে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন