ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) দেশজুড়ে চলমান তাদের দীর্ঘস্থায়ী আন্দোলন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে। শনিবার (২৫ জুলাই) এই ঘোষণা আসার পরপরই দিল্লির যন্তর মন্তরে ইন্টারনেট সংযোগ পুনরায় সচল করা হয়েছে। একই সঙ্গে, গত কয়েকদিন ধরে বন্ধ রাখা দিল্লির অন্তত ১৮টি মেট্রো স্টেশনও সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। শনিবার এনডিটিভির এক লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সরকারি পরীক্ষায় ব্যাপক অনিয়ম এবং নিট প্রশ্নফাঁসের অভিযোগে সিজেপির নেতৃত্বে দিল্লির রাজপথে এক মাসেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছিল। এই তীব্র আন্দোলনের মুখে শনিবার দুপুরে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেই সম্মেলনে সিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সিজেপি নেতৃবৃন্দ জানান, অবিলম্বে কার্যকরভাবে তাদের চলমান আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। একই সঙ্গে যন্তর মন্তরে অবস্থানরত সকল সমর্থককে শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। পরে পুলিশের পক্ষ থেকেও বিক্ষোভকারীদের এলাকা ত্যাগ করে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।





