বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬-এর খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে সচিবালয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সভায় মন্ত্রী বলেন, দীর্ঘ ৪২ বছর পর বর্তমান বিধিমালা সংশোধন করে একটি আধুনিক ও যুগোপযোগী বিধিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি নতুন বিধিমালাটি ব্যবসা ও বিনিয়োগবান্ধব করার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়ন এবং বেসামরিক বিমান চলাচলে সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বেসরকারি এয়ারলাইন্সগুলোকে এই খাতের মূল অংশীজন হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিনিয়োগ সহজীকরণের লক্ষ্যে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ করে বিমান রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিধানে সংশোধন আনার বিষয়ে তিনি বিশেষ আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, বিমানের জটিল যন্ত্রাংশ মেরামত, রক্ষণাবেক্ষণ ও ওভারহলের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসনে নতুন বিধিমালার মাধ্যমে পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়া কেপটাউন কনভেনশনের শর্তাবলি অনুসরণ করে বিমান-সংক্রান্ত সম্পদের আন্তর্জাতিক অর্থায়ন ও লিজিংয়ের অধিকার সুরক্ষার বিষয়টিও নতুন বিধিমালার অন্তর্ভুক্ত করা হবে। এর আওতায় অপ্রত্যাহারযোগ্য নিবন্ধন বাতিল এবং রপ্তানি অনুরোধের কর্তৃত্ব প্রদানের মতো বিষয়গুলো যুক্ত করার পদক্ষেপ নেওয়া হবে।
সভায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন বেসরকারি এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। নতুন বিধিমালার বিভিন্ন ধারা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। সভায় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি অংশীজনরা উপস্থিত ছিলেন।





